প্রতারণার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। আজ বুধবার (২৬ আগস্ট) সকালে গুলশান থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন।
এর আগে গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, ২০০৮ সালে দায়ের করা একটি প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ রায় দেন।
মামলার অভিযোগে বলা হয়, বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট হস্তান্তরের নামে প্রতারণার অভিযোগে ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালে গুলশান থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটির রায় ঘোষণা করেন।
গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, ‘আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।’
জ/উ