জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-26T12:56:13+06:00
2026-08-26T12:56:13+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন কাল, উত্তপ্ত হতে পারে বিতর্ক
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম 
আগামীকাল বিকেল ৩টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট, লোডশেডিংসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় সংসদে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলের সদস্যরা। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থায় দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও তারা সরব হতে পারেন বলে জানা গেছে।

বিরোধীদলীয় সংসদ সদস্যরা বলছেন, সরকার এরই মধ্যে ছয় মাস পূর্ণ করেছে। ফলে এখন সরকারের ‘হানিমুন পিরিয়ড’ চলছে-এমন যুক্তি দেওয়ার সুযোগ নেই। দেশ পরিচালনায় সরকারের কোথায় দুর্বলতা রয়েছে, তা সংসদে তুলে ধরে জবাবদিহি চাওয়া হবে।

তাদের ভাষ্য, বিরোধী দল হিসেবে সংসদে যে ধরনের কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন, তা তারা করবেন। একই সঙ্গে জনগণের কাছে নিজেদেরও জবাবদিহি রয়েছে বলে মনে করছেন তারা।

বিরোধী দলের এমন অবস্থান প্রসঙ্গে সরকারদলীয় এমপিরা বলেন, দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিতর্ক করবেন এবং বিভিন্ন ইস্যু সংসদে উত্থাপন করবেন-এটাই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য।

সংশ্লিষ্টরা বলছেন, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদ-এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান ও নীতিগত মতপার্থক্য রয়েছে। ফলে অধিবেশনে এসব বিষয় ঘিরে তীব্র বিতর্কের সম্ভাবনা রয়েছে।

সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের কার্যকর ভূমিকা নিশ্চিত করা এবং কমিটির সভাপতি পদ বণ্টন নিয়েও টানাপড়েন তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সংসদের অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আওতায় অস্ত্র ও বিস্ফোরক বহনসহ যেকোনো ধরনের জনসমাগমমূলক কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

প্রশাসনের জারি করা নির্দেশনা অনুযায়ী, আজ রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট এলাকায় টহল ও নজরদারি বাড়িয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত চেকপোস্ট বসানোর পাশাপাশি নজরদারি ক্যামেরার আওতাও বাড়ানো হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর এবং আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়। বিশেষ করে ফার্মগেট, বাংলামটর, বিজয় সরণি ও শ্যামলী মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]