প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। গত রোববার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, কারকান রানা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলেছিলেন। এসব আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য এবং অপপ্রচার চালিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল বলে অভিযোগ পুলিশের। এ ছাড়া আরও অনেক ব্যক্তির নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ তৈরির তথ্যও পেয়েছে সাইবার পুলিশ।
পুলিশের তথ্যানুযায়ী, কারকান রানার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর কার্যক্রম ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ শুরু করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ভুয়া আইডি পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছিল। এসব আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করা হচ্ছিল বলে জানান তিনি।
জ/উ