জ্যেষ্ঠ প্রতিবেদক:

অপরাধ

2026-08-24T21:43:55+06:00
2026-08-24T21:43:55+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
অপরাধ
লটারির বাক্সেই কারসাজি, সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
গণপূর্তে লটারির বদলিতে ‘ঢাকা থেকে ঢাকায়’ পোস্টিংয়ের অভিযোগ
জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৪৩ পিএম 
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হলেও গণপূর্ত অধিদপ্তরে সেই প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে, লটারির আগেই নির্দিষ্ট কর্মকর্তাদের নাম পছন্দের ‘বাক্সে’ ঢুকিয়ে দিয়ে একাধিক প্রকৌশলীকে ঢাকা থেকে ঢাকায় পুনরায় পদায়ন করা হয়েছে। এ নিয়ে অধিদপ্তরের প্রকৌশলীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, বদলি প্রক্রিয়ায় একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তাদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফোরকান হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারোয়ার জাহান বিপ্লব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বজন চাকমা, নির্বাহী প্রকৌশলী এএনএম মাজহারুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

প্রকৌশলীদের অভিযোগ, উপ-সহকারী প্রকৌশলী থেকে উপ-বিভাগীয় প্রকৌশলী পর্যন্ত বদলির ক্ষেত্রে নিজ জেলা বাদ দিয়ে নিজ নিজ প্রশাসনিক বিভাগের মধ্যে লটারির মাধ্যমে পদায়নের কথা। কোনো বিভাগে কর্মকর্তার সংখ্যা বেশি হলে অতিরিক্ত কর্মকর্তাকে অপেক্ষাকৃত কম কর্মকর্তা থাকা বিভাগে দেওয়ার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে ঢাকা থেকে ঢাকায় পোস্টিং এড়িয়ে চলার কথা বলা হয়েছে।

কিন্তু অভিযোগ রয়েছে, ‘অতিরিক্ত কর্মকর্তা’ দেখিয়ে লটারির আগে থেকেই নির্দিষ্ট প্রকৌশলীদের নাম ঢাকা জেলার লটারির বাক্সে ঢোকানো হয়েছে। পরে ওই বাক্স থেকে তাদের নাম উঠিয়ে দেওয়া হয়েছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে। অভিযোগকারী এক প্রকৌশলীর ভাষ্য, পছন্দের পোস্টিং পাইয়ে দিতে সংশ্লিষ্টদের কাছ থেকে বিপুল অর্থ দাবি করা হয়েছে।

বদলি প্রক্রিয়ায় ঢাকা বিভাগের জন্য দুটি লটারি বাক্স রাখা হয়—‘ঢাকা জেলা’ ও ‘ঢাকা বিভাগ’। অভিযোগকারীদের প্রশ্ন, ঢাকা জেলার বাক্সে শুধু ঢাকা জেলার বা সংশ্লিষ্ট যোগ্য কর্মকর্তাদের থাকার কথা হলেও সেখানে দেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নাম কীভাবে এলো। লটারির আগে উপ-বিভাগীয় প্রকৌশলী সিভিলের ঢাকা জেলার বাক্সে ৪১ জনের নাম যুক্ত করার অভিযোগও উঠেছে।

অভিযোগের তালিকায় থাকা কয়েকজন প্রকৌশলীর পদায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সহকর্মীরা। উপ-বিভাগীয় প্রকৌশলী মাহবুবুর রহমানের নিজ জেলা ঢাকা। তিনি রমনা গণপূর্ত উপ-বিভাগ-০১ থেকে আজিমপুর গণপূর্ত উপ-বিভাগে পদায়ন পেয়েছেন। অভিযোগকারীদের দাবি, নিজ জেলায় লটারিতে থাকার সুযোগ না থাকলেও তার নাম আগেই ঢাকা জেলার বাক্সে রাখা হয়েছিল।

তৌহিদ রায়হানের নিজ জেলা ময়মনসিংহ। ঢাকার শেরেবাংলা নগর মেডিকেল কলেজ গণপূর্ত উপ-বিভাগ থেকে তাকে সাভার গণপূর্ত উপ-বিভাগে পদায়ন করা হয়েছে। একইভাবে টাঙ্গাইলের আসাদুজ্জামান খান ঢাকা সাবডিভিশন-৬ থেকে তেজগাঁওয়ে এবং বগুড়ার এ এস এম সাখাওয়াত হোসেন রাজশাহী বিভাগের আওতাভুক্ত হওয়ার পরও ঢাকা জেলার বাক্সে নাম রেখে ঢাকায় পদায়ন পাওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ফরিদপুরের রেজাউল করিম মিঠু মতিঝিল থেকে সংসদ গণপূর্ত উপ-বিভাগে, নেত্রকোনার এজাজ আহমেদ খান শেরেবাংলা নগর থেকে ধানমন্ডিতে এবং জামালপুরের আশরাফুল আউয়াল রানা সাভার থেকে মতিঝিলে পদায়ন পেয়েছেন। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্টদের লটারি নিজ নিজ প্রশাসনিক বিভাগে হওয়ার কথা থাকলেও তাদের নাম আগে থেকেই ঢাকা জেলার বাক্সে রাখা হয়েছিল।

সহকারী প্রকৌশলীদের ক্ষেত্রেও একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। কুড়িগ্রামের আহসান হাবীবের লটারি রংপুর বিভাগে হওয়ার কথা থাকলেও তাকে ঢাকার সাভার সার্কেল থেকে ইএম বিভাগে পদায়ন করা হয়েছে। সিরাজগঞ্জের আবীর রহমান স্বপ্নীল, গাইবান্ধার আনন্দ কুমার মহান্ত, চট্টগ্রামের প্রান্ত বিশ্বাস, নড়াইলের অনু বিশ্বাস, কুড়িগ্রামের আতিকুর রহমান এবং জামালপুরের ইরতেজা হাসান তরফদারকেও ঢাকার বিভিন্ন দপ্তরে পদায়নের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ রয়েছে, আগের লটারি ও বদলি প্রক্রিয়াতেও একইভাবে অনিয়ম হয়েছে। পটুয়াখালীর কামরুল হাসান বাদল ও দিনাজপুরের মো. আলম ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন পেয়েছেন বলে অভিযোগ। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতা হিসেবে পরিচিত মো. মাসুদ রানা ও মো. আলামিনকে ঢাকার বাইরে বদলির পর আবার ঢাকায় গুরুত্বপূর্ণ পদে ফেরানোর অভিযোগও রয়েছে।

এদিকে প্রকৌশলীদের একাংশ বলছেন, লটারির মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবমুক্ত বদলি নিশ্চিত করা। কিন্তু লটারির বাক্সেই যদি আগে থেকে নাম নির্ধারণ করা হয়, তাহলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ে।

অভিযোগকারীরা অবিলম্বে বিতর্কিত বদলি আদেশ স্থগিত করে প্রতিটি নাম কোন ক্রাইটেরিয়ায় কোন লটারি বাক্সে গেছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন। একই সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বদলি ও পদায়ন নীতিমালা-২০২৫ অনুসরণ করে নতুন করে বদলি করার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, এতে প্রকৌশলীদের আস্থা ফিরবে এবং গণপূর্ত অধিদপ্তরে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত হবে।






Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]