বাগেরহাটের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার ৯টি উপজেলায় থাকা ১ হাজার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৭২টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। অর্থাৎ অর্ধেকের বেশি বিদ্যালয়ই স্থায়ী প্রধান শিক্ষক ছাড়াই পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১৮৮টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ‘চলতি দায়িত্ব’ দিয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করানো হচ্ছে।
বাগেরহাট সদর উপজেলায় ৮৫টি, ফকিরহাটে ৫০টি, মোল্লাহাটে ৭০টি, কচুয়ায় ৪৬টি, চিতলমারীতে ৬৭টি, রামপালে ৯২টি, মোংলায় ৫৪টি, মোড়েলগঞ্জে ১২৫টি এবং শরণখোলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
প্রধান শিক্ষক না থাকায় এসব বিদ্যালয়ে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের পাশাপাশি পাঠদানের দায়িত্বও সামলাতে হচ্ছে সহকারী শিক্ষকদের। এতে নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
মোড়েলগঞ্জ উপজেলার ২৮১ নম্বর পূর্ব বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বলেন, বিদ্যালয়টিতে ৯৬ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি তাঁকে নিয়মিত ক্লাসও নিতে হচ্ছে।
তিনি বলেন, ‘প্রধান শিক্ষক থাকলে প্রশাসনিক ও দাপ্তরিক কাজগুলো তিনি দেখভাল করতে পারতেন এবং আমরা মনোযোগ দিয়ে পাঠদান করতে পারতাম। কিন্তু এখন দুটোই সামলাতে গিয়ে বেগ পেতে হচ্ছে।’
পলাশ শেখ নামে এক অভিভাবক বলেন, শিক্ষকরা আন্তরিকভাবেই শিক্ষার্থীদের পড়াচ্ছেন। তবে প্রধান শিক্ষক না থাকায় তাঁদের ওপর অতিরিক্ত দায়িত্ব পড়ে যাচ্ছে। বিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে শিক্ষকদের বাড়তি ব্যস্ত থাকতে হয়, যা পরোক্ষভাবে শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।
শুধু বাগেরহাটেই নয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও প্রধান শিক্ষকের পদে বড় ধরনের শূন্যতা রয়েছে। তথ্য অনুযায়ী, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষকের পদ শূন্য। তবে উচ্চ আদালতের রায়ের পর এসব পদে সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আকতার বলেন, জেলায় প্রধান শিক্ষকের বেশ কিছু পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় কিছুটা বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, শূন্য পদ পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। সহকারী শিক্ষকদের মধ্য থেকে যোগ্যদের চলতি দায়িত্ব দিয়ে বিদ্যালয়গুলোর কার্যক্রম সচল রাখা হয়েছে। শূন্য পদগুলো দ্রুত পূরণ হলে বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে।
জ/উ