রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযানে ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৮ জন, ওয়ারী বিভাগ থেকে ৫০ জন, লালবাগ বিভাগ থেকে ৪১ জন, রমনা বিভাগ থেকে ৩৭ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন এবং গুলশান বিভাগ থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ সাতজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ দুজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া নয়টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জ/শা