জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-08-21T14:39:47+06:00
2026-08-21T14:39:47+06:00
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Advertisement
জাতীয়
সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন রাষ্ট্রপতি
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ২:৩৯ পিএম 
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

শপথ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচিত রাষ্ট্রপতিকে বরণ করে নিতে প্রায় এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত প্রায় ২৫টি ধাপে বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে।

রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা সাধারণত সাত থেকে আট মিনিটের মধ্যেই শেষ হয়। তবে এ আয়োজনের সঙ্গে জড়িত থাকে ব্যাপক প্রটোকল ও ব্যবস্থাপনা। আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি, আমন্ত্রণপত্র ছাপানো ও বিতরণ, অতিথিদের আসন বিন্যাস এবং আপ্যায়নসহ নানা কাজ সম্পন্ন করতে হয়।

বিশেষ করে প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে যথাযথ প্রটোকল মেনে আমন্ত্রণপত্র পৌঁছানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত এক সাবেক সচিব বলেন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিদেশি অতিথি এবং সামরিক-বেসামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো, তাদের জন্য নির্ধারিত প্রটোকল অনুসরণ এবং অনুষ্ঠানস্থলে সুশৃঙ্খলভাবে বসানোর বিষয়টি সবচেয়ে জটিল কাজগুলোর একটি।

এ ছাড়া রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে কাদের আমন্ত্রণ জানানো হবে, সেটিও বড় চ্যালেঞ্জ বলে জানান তিনি।

শপথ অনুষ্ঠানে অতিথিদের আসন বিন্যাস নিয়েও বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের দরবার হলে বর্তমানে প্রায় ৭০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার প্রায় ১ হাজার ৫০০টি আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। বাড়তি অতিথিদের জন্য দরবার হলের ভেতরে প্রায় ৮৫০ জনের বসার ব্যবস্থা করা হচ্ছে। অন্যদের জন্য বারান্দা ও মাঠে প্যান্ডেল করে এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

সাধারণ ও সংরক্ষিত আসন মিলিয়ে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের মধ্যে ৯ জন ভোটদানে অনুপস্থিত ছিলেন। ভোটগ্রহণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেলে সংসদ কক্ষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হয়।

জ/শা






  বিষয়:   বঙ্গভবন  রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান  নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 



Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]