রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জনসচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেখানে প্রকাশ বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি, ভিডিওসহ বিভিন্ন ধরনের কনটেন্ট কখনো কখনো আইনি ও অন্যান্য জটিলতার কারণ হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
কোনো পোস্ট, ছবি, ভিডিও বা তথ্য শেয়ার করার আগে সেটি ভালোভাবে যাচাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করতে পারে, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো কনটেন্টের মাধ্যমে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে—এমন ধারণা তৈরি হতে পারে, এমন বিষয় থেকেও বিরত থাকা গুরুত্বপূর্ণ।
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ ও বিভিন্ন সংবেদনশীলতার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করলে ব্যক্তি সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে পারেন। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা এবং ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীল, সংযত, সম্মানজনক ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে।
জ/উ