‘অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা’র অভিযোগে তদন্তের পর বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদার দেশের বিভিন্ন পণ্যের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য প্রতিনিধির দফতর (ইউএসটিআর) এ উদ্যোগ নিচ্ছে। নতুন শুল্ক কার্যকর হলে তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে আরোপিত শুল্কের সঙ্গে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট তিনটি সূত্র মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এ তদন্তের ফলাফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপিত ব্যাপকভিত্তিক আমদানি শুল্ক বাতিল করে দেন। প্রস্তাবিত নতুন শুল্কের মাধ্যমে বাতিল হওয়া শুল্কের একটি অংশের জায়গা পূরণ করা হবে। পাশাপাশি বর্তমানে বহাল থাকা অন্যান্য শুল্কের সঙ্গেও এগুলো যুক্ত হবে।
মার্কিন সরকারের শুল্কনীতির কারণে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর পরিচালিত রয়টার্স/ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেছেন।
‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নিয়ে ইউএসটিআরের তদন্তের আওতায় থাকা অন্য অর্থনীতিগুলো হলো-চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, চলতি সপ্তাহেই এ তদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও অতিরিক্ত উৎপাদনের অভিযোগে গত মার্চে ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারকে লক্ষ্য করে ‘ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪’-এর সেকশন ৩০১-এর আওতায় তদন্ত শুরু করে ইউএসটিআর।
তবে জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন প্রয়োগে দুর্বলতার অভিযোগে পরিচালিত সেকশন ৩০১-এর আরেকটি তদন্ত থেকে এটি সম্পূর্ণ আলাদা। এই দুই তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে।
জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত পণ্য আমদানির নিষেধাজ্ঞা বাস্তবায়নে কথিত দুর্বলতার অভিযোগে সেকশন ৩০১-এর অধীনে বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিচ্ছে।
গত ২৩ জুলাই ইউএসটিআর এ বিষয়ে চূড়ান্ত পদক্ষেপের ঘোষণা দেয়। পরদিন ২৪ জুলাই থেকে তা কার্যকর হয়। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের পর্যায়ের পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) বাতিল করার পর ‘ট্রেড অ্যাক্ট অব ১৯৭৪’-এর পৃথক একটি ধারায় ১০ শতাংশ অস্থায়ী বৈশ্বিক শুল্ক আরোপ করা হয়েছিল। জুলাইয়ের এ পদক্ষেপ সেই শুল্কের স্থলাভিষিক্ত হয়।
নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় থাকলেও বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। ‘মোস্ট-ফেভার্ড-নেশন’ (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের আওতায় বিদ্যমান ১৫ দশমিক ৬২ শতাংশ শুল্কের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের বড় একটি অংশের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬২ শতাংশে।
জ/দি