কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার বইদ্দার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ তা মুরাদনগর থানায় নিয়ে যায়। নিহত রেনু বেগম উপজেলার ধামঘর ইউনিয়নের নহল দক্ষিণপাড়া গ্রামের শামসু মিয়ার স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, রেনু বেগম দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। এর আগে কয়েকবার নিখোঁজ হওয়ার পর নিজেই বাড়িতে ফিরে এসেছিলেন। সর্বশেষ গত শুক্রবার তিনি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় তার মেয়ে নাসিমা আক্তারের বাসায় বেড়াতে আসেন। এরপর সোমবার থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
আগেও নিখোঁজ হয়ে নিজে নিজে ফিরে আসায় পরিবারের সদস্যরা এবারও তিনি ফিরে আসবেন বলে ধারণা করেছিলেন। এ কারণে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয়রা বইদ্দার বিলে বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
জ/উ