খেলোয়াড়ি জীবন এখনো শেষ না হলেও সাকিব আল হাসান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বলেও আখ্যা দেন।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন। যে শেখ হাসিনার সঙ্গে এলাইনড হয় এবং এখনও আছে, সে নষ্ট পচে যাওয়া মানুষ।’
সম্প্রতি সাকিব আল হাসান জানিয়েছেন, প্রায় দুই বছর ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং বিষয়টি তার জন্য শাস্তিস্বরূপ। এ ছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে তিনি রাজনৈতিক বক্তব্যও দিয়েছেন। এ প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘তিনি এসব ফালতু কথা বলেন সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য।’
শেখ হাসিনা ও সাকিব আল হাসানের দেশে ফেরার প্রসঙ্গেও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু সাকিব আল হাসান নন, শেখ হাসিনাও বাংলাদেশে এলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন এবং পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় যাবেন। বিচারিক প্রক্রিয়ায় তারা পূর্ণ অধিকার ভোগ করবেন। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটি সবাইকে মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘এটি ফ্যাসিস্ট আমল নয়, গণতান্ত্রিক রাষ্ট্র।’ তার ভাষ্য, সাকিব আল হাসান বা শেখ হাসিনা-যেই হোক না কেন, কোনো ব্যক্তি গুরুতর অপরাধে অভিযুক্ত হলেও নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন না এবং বিচারিক প্রক্রিয়ায় তার অধিকার নিশ্চিত থাকবে।
জ/উ