নতুন করে সংসার শুরু করেছেন অভিনেত্রী সোহানা সাবা। দীর্ঘদিন একমাত্র সন্তানকে ঘিরে জীবন কাটানোর পর এবার নিজের জীবনে নতুন মানুষের আগমনের খবর জানিয়েছেন এই অভিনেত্রী। সোহানা সাবার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।
সাবা জানিয়েছেন, ফয়সালের সঙ্গে তার সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। দীর্ঘ এই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। তবে বিয়ের দিন-তারিখ প্রকাশ করতে চাননি তিনি। জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছে।
বিয়ের পর কেমন কাটছে জীবন জানতে চাইলে সোহানা সাবা বলেন, আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।
ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরু প্রসঙ্গে সাবা বলেন, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটার জন্যই অপেক্ষা করেছি এত দিন। তবে নিজের অনুভূতির কথা তখন তাকে বুঝতে দেননি। পরে ফয়সালই ভালোবাসার কথা জানালে তিনি সম্মতি দেন।
এর আগে নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে দাম্পত্য সম্পর্কে ছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন সাবা। সময়ের সঙ্গে নিজেকে সামলে এবার নতুন করে সংসার গুছিয়েছেন এই অভিনেত্রী।
টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরে বড় পর্দায়ও অভিনয় করেন। কবরী পরিচালিত আয়না দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হলেও মোরশেদুল ইসলামের খেলাঘর আগে মুক্তি পায়।
এরপর চন্দ্রগ্রহণ, প্রিয়তমেষু, বৃহন্নলা, অসম্ভবসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতেরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন সোহানা সাবা।
জ/শা