বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। একই সঙ্গে দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোওয়াতির সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে মেনটেইনেন্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট স্থাপনের বিষয়েও সরকার ভাবছে।
এ সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের দক্ষতা উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহালের বিষয়েও সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত লিস্টোওয়াতি।
জ/উ