ছেলের সঙ্গে একই বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন রাজশাহীর সাদিয়া বেগম। একই পরীক্ষায় তার ছেলে তানভীর আহমেদও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। মা-ছেলের এই সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা সাদিয়া বেগমের বিয়ে হয়েছে ১৯ বছর আগে। সংসার ও দুই সন্তানের দায়িত্বের কারণে দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে ছিলেন তিনি। তবে শিক্ষার প্রতি আগ্রহ ধরে রেখে প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
পরিবারের সম্মতিতে প্রস্তুতি শুরু করে চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে অংশ নেন সাদিয়া। পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেন।
অন্যদিকে, তার ছেলে তানভীর আহমেদ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সাদিয়া বলেন, পড়াশোনার প্রতি সবসময়ই আগ্রহ ছিল। কিন্তু বিয়ের পর নানা কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। প্রায় দুই বছর আগে ছেলের সঙ্গে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পরিবারের সম্মতিতে আবার পড়াশোনা শুরু করেন।
মায়ের সঙ্গে একই পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টিকে সৌভাগ্য হিসেবে দেখছে তানভীর। সে জানায়, মা তার পড়াশোনার খোঁজ নেওয়ার পাশাপাশি নিজেও নিয়মিত পড়াশোনা করতেন। অনেক সময় রাত জেগে তার পাশে বসে থাকতেন। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্নের কথা জানিয়ে নিজের সাফল্য বাবা-মাকে উৎসর্গ করেছে তানভীর।
মা-ছেলের এই সাফল্যে আনন্দিত তাদের গৃহশিক্ষক আরিফুল ইসলামও। প্রায় চার বছর ধরে তিনি তানভীরকে ইংরেজি পড়ানোর পাশাপাশি সাদিয়ার পড়াশোনাতেও সহযোগিতা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়ার স্বামী তোফাজ্জল হোসেন একজন সরকারি কর্মকর্তা। সংসার ও সন্তানদের দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ বিরতির পর পড়াশোনায় ফিরে সাদিয়া যে সাফল্য অর্জন করেছেন, একই পরীক্ষায় ছেলের সঙ্গে জিপিএ-৫ পাওয়ার মধ্য দিয়ে তা অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।
জ/উ