বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’-এর প্রধান পরাগ জৈন।
চার সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে সরকারি সফরে তিনি ঢাকায় এসেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণেই পরাগ জৈনের এই সফর। তবে সফর নিয়ে এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
পরাগ জৈন ‘র’-এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির স্পেশাল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন।
তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরকালে তারা ঢাকার একটি হোটেলে অবস্থান করবেন বলে জানা গেছে।
দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে ‘র’-প্রধানের ঢাকা সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে এই সফরের মূল উদ্দেশ্য কী, কী কী বিষয়ে আলোচনা হবে কিংবা বাংলাদেশি কোনো কর্মকর্তার সঙ্গে পরাগ জৈনের বৈঠক হবে কি না এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
জ/শা