ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। এখন থেকে একসঙ্গে সাত দিনের পরিবর্তে ১৫ দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত করা হবে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “যা করা প্রয়োজন মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খুলতো। রোগীদের অনেক অসুবিধা হতো। সেটাকে আমরা এক সপ্তাহ করে দিয়েছিলাম। সেটার অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটাকে আমি ১৫ দিন করেছি।”
হাইকমিশনার বলেন, “আমাদের মূল লক্ষ্য থাকবে যে, যারা ভিসার আবেদন করছেন, তাদের ন্যূনতম সমস্যা না হয়। এটাই আমাদের অগ্রাধিকার।”
হাইকমিশনের তথ্য অনুযায়ী, অ্যাপয়েন্টমেন্ট বুকিং রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।
জ/উ