৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে বলে উল্লেখ করে তিনি জানান, আশুলিয়ায় দুষ্কৃতিকারীরা একটি ব্যাগ ফেলে রেখে যায়, যা পরে উদ্ধার করা হয়েছে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আগের তুলনায় এ ধরনের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দেশে উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো যানবাহন অরক্ষিত অবস্থায় না থাকে এবং দায়িত্ব পালনকালে সবাই একসঙ্গে গাড়ি ছেড়ে না যান। সরকার সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও জানান তিনি।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। জামিনের শর্তগুলো জানতে সরকার নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে আদালতের আদেশের প্রত্যয়িত অনুলিপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামিন বাতিলের আবেদন দ্রুত আদালতে দাখিলের জন্য সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
জ/উ