ভারত সিরিজ নিয়ে কূটনৈতিক তৎপরতায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-01T11:29:35+06:00
2026-08-01T13:38:53+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
খেলাধুলা
ভারত সিরিজ নিয়ে কূটনৈতিক তৎপরতায় বিসিবি
স্পোর্টস ডেস্ক
⏲ ১১:২৯ এএম | ১ আগস্ট, ২০২৬ | শনিবার
ভারত সিরিজ নিয়ে কূটনৈতিক তৎপরতায় বিসিবি
সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারত ক্রিকেট দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে সিরিজটি নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ পরিস্থিতিতে সিরিজ বাস্তবায়নে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি তামিম ইকবাল গত বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করে ভারত সরকারের সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগের অনুরোধ জানান। বৈঠকে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদও উপস্থিত ছিলেন। ক্রিকবাজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গণমাধ্যমে তামিম বলেন, সিরিজ নিয়ে বিসিবি আশাবাদী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত তাদের হাতে নেই। তিনি জানান, বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত ই-মেইল আদান-প্রদান হচ্ছে এবং সিরিজ আয়োজনের বিষয়ে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি।


বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আস্থা প্রকাশ করে তামিম বলেন, “বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ। আমি যথেষ্ট আশাবাদী যে তারা আসবে।” একই সঙ্গে তিনি বলেন, বিসিবির সভাপতি হিসেবে তার দায়িত্বের একটি সীমা রয়েছে, তবে নিজের অবস্থান থেকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সিরিজ আয়োজনের পক্ষে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

মূলত ২০২৪ সালেই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত হয়। পরে ২০২৫ সালের আগস্টে চট্টগ্রাম ও ঢাকায় সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগে সেটিও পিছিয়ে যায়। বর্তমানে চলতি বছরের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি আয়োজনের পরিকল্পনা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।


এদিকে ভারত সরকার সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে ঐকমত্য রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই ইতিবাচক কূটনৈতিক পরিবেশ সিরিজ আয়োজনের সম্ভাবনাও বাড়াতে পারে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর চূড়ান্ত হলে আফগানিস্তানের বিপক্ষে ভারতের প্রস্তাবিত হোম সিরিজ পিছিয়ে যেতে পারে। তবে তামিম ইকবাল এখনো আশাবাদী। তার ভাষায়, “এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তা যথেষ্ট ইতিবাচক। তাদেরও একটি সিদ্ধান্ত নিতে হবে। খুব শিগগিরই হয়তো আমরা জানতে পারব সিরিজটি হচ্ছে কি না।”

জ/উ



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত