নেত্রকোণার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তাঁর একটি চোখ নষ্ট হয়েছিল। আটক আতিকুল ইসলাম মদন পৌরশহরের বাড়িভাদেরা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম অটোরিকশাচালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। এ নিয়ে চালক, আব্দুল বারেক ও টোল আদায়কারী আতিকুলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে আতিকুলের ধাক্কায় আব্দুল বারেক মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পৌর শহরের সেন্টার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।