প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
বৈঠকে এনসিপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন সিএফ।
এনসিপির আহ্বায়ক বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। এর ভুক্তভোগী হচ্ছেন সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বসহ সংশ্লিষ্ট সবাই।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ সম্ভব এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা যায় কি না, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সংসদেও প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন।
এনসিপির অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্য প্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার সুপারিশ জানিয়েছে এনসিপি।
তাঁর ভাষ্য, একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে দলটি কমিটি বাতিলের আহ্বান জানিয়েছে। গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছে তারা।
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়; ৫ আগস্টেই তাদের পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।
তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন ধরনের অ্যাসেট ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ভারতীয় আধিপত্য মোকাবিলায় বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।