দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫২০ জনে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ঢাকা বিভাগের একজন এবং চট্টগ্রাম বিভাগের একজন রয়েছেন।
এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ৬৩০ জন, ময়মনসিংহ বিভাগের ৭৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ১৪১ জন, রাজশাহী বিভাগের ১৬০ জন, রংপুর বিভাগের ৩৪ জন, বরিশাল বিভাগের ১৫০ জন এবং সিলেট বিভাগের ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৩৯১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৯২৯ জন ডেঙ্গু রোগী।