বর্তমান সময়ে ল্যাপটপ দৈনন্দিন কাজের অন্যতম গুরুত্বপূর্ণ ডিভাইস। তবে অজান্তেই করা কিছু সাধারণ ভুলের কারণে দ্রুত কমে যেতে পারে এর ব্যাটারির কার্যক্ষমতা। অধিকাংশ ল্যাপটপে ব্যবহৃত হয় পুনরায় চার্জযোগ্য লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারি, যা সঠিকভাবে ব্যবহার না করলে দ্রুত ক্ষয় হতে শুরু করে। ফলে একসময় ল্যাপটপ দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারে না।
ব্যাটারির আয়ু বাড়াতে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি, সেগুলো হলো:
চার্জ থাকলেও বারবার চার্জ দেওয়া
অনেকেই ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ থাকা সত্ত্বেও ল্যাপটপ চার্জে লাগিয়ে রাখেন। এতে ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিন এবং ৮০ থেকে ৯০ শতাংশ হলে চার্জার খুলে ফেলুন।
আসল চার্জারের পরিবর্তে অন্য চার্জার ব্যবহার
নকল বা অন্য ব্র্যান্ডের চার্জার সব সময় সঠিক ভোল্টেজ ও কারেন্ট সরবরাহ করতে পারে না। ফলে ব্যাটারির ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ল্যাপটপ চার্জ দিতে প্রস্তুতকারকের দেওয়া আসল চার্জারই ব্যবহার করা উচিত।
বিছানা বা কম্বলের ওপর ল্যাপটপ ব্যবহার
অনেকে বিছানা, বালিশ বা কম্বলের ওপর রেখে দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করেন। এতে কুলিং ফ্যান ঠিকমতো কাজ করতে পারে না এবং তাপ বের হওয়ার পথ বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত তাপ ব্যাটারির সবচেয়ে বড় শত্রু। তাই সব সময় সমতল ও শক্ত জায়গায় ল্যাপটপ ব্যবহার করুন।
পাওয়ার সেভার মোড ব্যবহার না করা
ল্যাপটপের Power Saver বা Battery Saver মোড চালু থাকলে বিদ্যুৎ খরচ কম হয় এবং ব্যাটারির ওপর চাপও কম পড়ে। কিন্তু অনেকেই এই সুবিধা ব্যবহার করেন না, ফলে চার্জ দ্রুত শেষ হয় এবং ঘন ঘন চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে।
ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ করা
অনেক ব্যবহারকারী ব্যাটারির চার্জ শূন্য না হওয়া পর্যন্ত ল্যাপটপ চালিয়ে যান। বারবার এমন করলে ব্যাটারির আয়ু দ্রুত কমে যায়। তাই ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই চার্জ দেওয়া উচিত।
অপারেটিং সিস্টেম ও ড্রাইভার আপডেট না রাখা
শুধু অ্যাপ নয়, অপারেটিং সিস্টেম ও ড্রাইভারও নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন। নতুন আপডেটে ব্যাটারি ব্যবস্থাপনা আরও উন্নত হয়, বিদ্যুৎ খরচ কমে এবং ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপও হ্রাস পায়।
ল্যাপটপের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে শুধু ভালো মানের ডিভাইস ব্যবহার করাই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক ব্যবহার ও নিয়মিত যত্ন। এসব ছোট ছোট অভ্যাস বদলাতে পারলে ব্যাটারির আয়ু যেমন বাড়বে, তেমনি দীর্ঘ সময় ল্যাপটপের সর্বোচ্চ কর্মক্ষমতাও বজায় থাকবে।
জ/শা