সাত দেশে বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-10-12T19:47:41+06:00
2026-10-12T19:47:41+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
সাত দেশে বাইটড্যান্সের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৭:৪৭ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন মেটার প্ল্যাটফর্মে প্রচার করা যাবে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারাও টিকটক ও বাইটড্যান্সের অন্যান্য সেবার লিংকযুক্ত বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না।

মেটার ভাষ্য, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন নেই, যেগুলোর উদ্দেশ্য ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। প্রতিষ্ঠানটি বলেছে, প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রচারণামূলক সেবা না দেওয়ার বিষয়টি বিভিন্ন শিল্প খাতেই প্রচলিত ব্যবসায়িক চর্চা। পণ্যের মান ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে মেটা। এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক ও বাইটড্যান্স।

টিকটকের ওয়েবসাইটে বলা হয়েছে, অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ চালু করা কিংবা সেখানে ব্যবহারকারীদের লগইন করানোর মতো লিংক তারা সমর্থন করে না। তবে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে অন্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন।

এদিকে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারজনিত নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে টিকটক ও ইউটিউবের ওপর চাপ বাড়িয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের সঙ্গে শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে দায়ের করা মামলায় সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। ওই সমঝোতার আওতায় সর্বোচ্চ ১৮ বিলিয়ন ডলার পরিশোধের বিষয় রয়েছে।

এরপর একই মাসে মেটা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী শিশু-কিশোরদের নিরাপত্তা জোরদারে কয়েকটি পদক্ষেপ নিতে সম্মত হয়। এর মধ্যে রয়েছে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে প্ল্যাটফর্ম ব্যবহারে সীমাবদ্ধতা আনা এবং বয়সসীমা নির্ধারিত কনটেন্টে শিশুদের প্রবেশ ঠেকানোর ব্যবস্থা আরও শক্তিশালী করা।

শিশুদের নিরাপত্তা নিয়ে মেটার প্রচারাভিযানের বিষয়ে টিকটক প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছায় প্ল্যাটফর্মটি। ওই সমঝোতা অনুযায়ী, ব্যবহারকারীদের জন্য ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার করতে হবে টিকটককে। শিশুদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি ও ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগের নিষ্পত্তিতে এ সমঝোতা হয়।

যুক্তরাষ্ট্রে ২০ কোটির বেশি মানুষ টিকটক ব্যবহার করেন। দেশটিতে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিশ্চিত করা এবং অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে একটি চুক্তির পর টিকটক বর্তমানে সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার মেটার এই নিষেধাজ্ঞার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। সূত্র: রয়টার্স

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত