নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-26T15:08:18+06:00
2026-07-26T15:08:18+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধীদের অভিযোগ গুরুত্বহীন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম 
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে বিরোধী রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আমলে নেওয়ার মতো কিছু নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তার দায়িত্ব পালন করেছেন এবং আইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধাও পাবেন। আজ রোববার (২৬ জুলাই) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে স্বৈরাচার সরকারের শেষ সময়, অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদ এবং বর্তমান সরকারের সময়েও সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলোর অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিকভাবে মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রপতিকে নিয়ে বিরোধীদের যেসব অভিযোগ ও বক্তব্য এসেছে, সেগুলোতে গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় নেই।

তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তার নিরাপত্তায় ছয় মাস পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট (পিজিআর) দায়িত্ব পালন করবে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিনের টেলিফোনে কথোপকথন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবীর যেকোনো স্থান থেকেই যোগাযোগ করা সম্ভব। এ বিষয়ে বিভিন্ন ধরনের দাবি বাস্তবসম্মত নয়।

রথযাত্রা ও উল্টো রথ উৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এ ছাড়া দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং দুবাই কর্তৃপক্ষ যেসব নথি চেয়েছে সেগুলো ইতোমধ্যে পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন, সরকার তাদের যথাযথভাবে মূল্যায়ন করবে। আর দায়িত্বে অবহেলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ





  বিষয়:   সাবেক  রাষ্ট্রপতি  স্বরাষ্ট্রমন্ত্রী  বিরোধী  রাজনৈতি  বক্তব্যে  সচিবাল  সাংবাদিক  প্রাপ্য 



Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]