জীবদ্দশায় তুমুল জনপ্রিয় ছিলেন ঢাকাই সিনেমার অভিনেতা মান্না। বিশেষ করে ২০০০-এর দশকে তাঁর অবস্থান ছিল শীর্ষে। তাই ২০০৮ সালে মৃত্যুর সময় তাঁর হাতে থাকা বেশ কিছু সিনেমা অসম্পূর্ণ থেকে যায়। সেসবেরই একটি ছিল ‘চাকরের প্রেম’, যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অভিনেত্রী অহনা রহমানের।
‘চাকরের প্রেম’ পরিচালনা করেছিলেন রকিবুল ইসলাম রাকিব। মান্নার মৃত্যুর পর অসম্পূর্ণ সিনেমাটির কাজ আমিন খানকে দিয়ে শেষ করেন পরিচালক।
প্রথম সিনেমার শুটিংয়ের একটি বিশেষ স্মৃতি এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অহনা। মঙ্গলবার (২৫ আগস্ট) শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে সমুদ্রসৈকতে শুটিংয়ের ফাঁকে লাল পোশাকে বসে থাকতে দেখা যায় অহনাকে। তাঁর পাশেই বসে খাবার খাচ্ছেন মান্না।
ছবিটির সঙ্গে নিজের স্মৃতিচারণ করে অহনা লিখেছেন, “আমি তখন সবে শিশু, আর তিনি ছিলেন সুপারস্টার। একবার সেই সুপারস্টারই আমাকে বলেছিলেন, ‘অহনা, দেখো, একদিন তুমিও ভালো কাজ করবে।’ তিনিই প্রথম আমাকে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখেছিলেন।”
অহনা জানান, সিনেমাটিতে অভিনয়ের জন্য তখন তাঁর পরিবারও প্রস্তুত ছিল না। এমনকি নিজেও অভিনয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তাঁর ভাষায়, “এই সিনেমায় আমি কাজ করব, এর জন্য আমার পরিবারও তখন প্রস্তুত ছিল না। সত্যি বলতে, আমিও প্রস্তুত ছিলাম না। কিন্তু এই মানুষটি আমার প্রথম সিনেমার পরিচালক রকিবুল ইসলাম রাকিব ভাইকে সঙ্গে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন, আমাকে ও আমার পরিবারকে রাজি করাতে।”
শেষ পর্যন্ত মান্নার উদ্যোগেই তাঁর পরিবার রাজি হয়েছিল বলে জানান অহনা। তবে সিনেমাটির কাজ শেষ হওয়ার আগেই মান্নার মৃত্যু হওয়ায় ছবিটি অসম্পূর্ণ থেকে যায়। বিষয়টি স্মরণ করে কিছুটা আক্ষেপের সঙ্গে অহনা লেখেন, ‘শেষ পর্যন্ত তিনি আমাদের রাজি করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রথম সেই সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি।’
মান্নাকে স্মরণ করে অভিনেত্রী আরও লেখেন, ‘তবু আপনি সবসময় আমাদের কাছে মান্না—দ্য সুপারস্টার হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমরা আপনাকে ভালোবাসি স্যার। আমি আপনাকে ভালোবাসি স্যার।’
‘চাকরের প্রেম’ সিনেমায় মান্না ও অহনা মাত্র একটি গানের শুটিং করেছিলেন। সেই গানটি শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়েছে। নিজের পোস্টের মন্তব্যের ঘরে ওই গানের লিংকও যুক্ত করেছেন অহনা।
উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন অহনা রহমান। পরে ছোট পর্দার নাটকে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন এই অভিনেত্রী।
জ/উ