ভারতের চলচ্চিত্র অঙ্গনে এই সময়ের আলোচিত অভিনেত্রী রুক্মিণী বসন্ত। ‘কানতারা: চ্যাপ্টার ১’ দিয়ে দেশজুড়ে পরিচিতি পাওয়ার পর এবার তিনি আসছেন ‘টক্সিক’ নিয়ে। পাশাপাশি হাতে রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘ড্রাগন’। পরপর তিনটি বড় আয়োজনের সিনেমায় যুক্ত হয়ে ক্যারিয়ারের দারুণ এক সময় পার করছেন এই অভিনেত্রী।
তবে রুক্মিণীর এই সাফল্যের গল্পের শুরুটা হয়েছিল বেশ সাধারণ একটি ইনস্টাগ্রাম মেসেজ দিয়ে। ঘটনাটি তিন বছর আগের। ২০২৩ সালে মুক্তি পায় রুক্মিণীর দ্বিতীয় সিনেমা ‘সপ্ত সাগারাদাচি এল্লো’। হেমন্ত রাও পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে ছিলেন রক্ষিত শেঠি।
এই সিনেমার মাধ্যমেই মূলত কন্নড় সিনেমায় পরিচিতি পান রুক্মিণী। কিন্তু কীভাবে সিনেমাটিতে সুযোগ পেয়েছিলেন তিনি? ইন্ডিয়া টুডের এক অনুষ্ঠানে সেই গল্পই জানিয়েছেন অভিনেত্রী।
রুক্মিণী জানান, ‘সপ্ত সাগারাদাচি এল্লো’র কাস্টিংয়ের খবর জানার পর তিনি সরাসরি নির্মাতা হেমন্ত রাওয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ পাঠান। সেখানে সিনেমাটিতে অভিনয়ের আগ্রহের কথা জানান তিনি।
শুধু ইনস্টাগ্রাম মেসেজ পাঠিয়েই থেমে থাকেননি রুক্মিণী। সিনেমাটিতে কাজের সুযোগ পেতে ই-মেইলের মাধ্যমে নিজের বায়োডাটাও পাঠান নির্মাতার কাছে। প্রায় ১০ দিন পর হেমন্ত রাওয়ের কাছ থেকে সাড়া পান তিনি। এরপর অডিশনের জন্য ডাক আসে। অডিশনে সফল হওয়ার পরই সিনেমাটির সঙ্গে যুক্ত হন রুক্মিণী।
‘সপ্ত সাগারাদাচি এল্লো’ মুক্তির পর কন্নড় চলচ্চিত্রে দ্রুত পরিচিতি পান তিনি। এরপর শিব রাজকুমার, গণেশ ও শ্রী মুরালির মতো জনপ্রিয় শিল্পীদের সঙ্গে অভিনয়ের সুযোগ আসে। তামিল সিনেমাতেও বিজয় সেথুপতির সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী।
তবে রুক্মিণীর জনপ্রিয়তা কন্নড় সিনেমার গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে ছড়িয়ে পড়ে ‘কানতারা: চ্যাপ্টার ১’ দিয়ে। সিনেমাটিতে তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের নজর কাড়ে। বুধবার (২৬ আগস্ট) মুক্তি পাচ্ছে রুক্মিণী অভিনীত নতুন সিনেমা ‘টক্সিক’। বহুল আলোচিত এই সিনেমা ঘিরেও এরই মধ্যে চর্চায় রয়েছেন তিনি।
এরপর রুক্মিণীকে দেখা যাবে তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে ‘ড্রাগন’ সিনেমায়। ছবিটি নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত পরিচালক প্রশান্ত নীল। এর বাইরে রজনীকান্তের নতুন সিনেমা ‘ধর্মন’-এও রুক্মিণীকে দেখা যেতে পারে বলে আলোচনা রয়েছে।
একটি ইনস্টাগ্রাম মেসেজ দিয়ে যে যাত্রার শুরু, ধারাবাহিক সাফল্যে সেই পথ এখন রুক্মিণীকে নিয়ে যাচ্ছে ভারতীয় সিনেমার বড় পরিসরে।
জ/উ