ইতালির মেস্ত্রে শহরের বিখ্যাত Teatro Corso-তে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় রক তারকা ও নগরবাউল জেমসের বহুল প্রতীক্ষিত কনসার্ট। কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটির সব টিকিট বিক্রি হয়ে যায় এবং টিকিট বিক্রির পরপরই ভেন্যুটি পূর্ণ হয়ে যায়।
মঞ্চে জেমসের পরিবেশনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা। প্রিয় শিল্পীর জনপ্রিয় গানগুলোতে দর্শকদের ব্যাপক উন্মাদনা ও উচ্ছ্বাস পুরো অনুষ্ঠানস্থলকে পরিণত করে প্রাণবন্ত এক সংগীতাঙ্গনে। জেমসের এই জনপ্রিয়তা ও দর্শকদের উন্মাদনা ইতালীয় গণমাধ্যমেরও নজর কেড়েছে। স্থানীয় পত্রিকা Gazzettino-র প্রতিবেদনে জেমসকে ইন্দো-পাক অঞ্চলের ‘Vasco Rossi’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।
ইতালির কিংবদন্তি রক তারকা Vasco Rossi দেশটির সংগীতাঙ্গনে ব্যাপক জনপ্রিয়। সেই তুলনায় জেমসকে উল্লেখ করা তার আন্তর্জাতিক জনপ্রিয়তা এবং রক সংগীতে তার দীর্ঘস্থায়ী প্রভাবের প্রতি ইতালীয়দের আগ্রহের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
মেস্ত্রের Teatro Corso-তে জেমসের কনসার্ট তাই শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্যই নয়, ইতালির স্থানীয় দর্শক ও গণমাধ্যমের কাছেও বাংলাদেশি রক সংগীতের পরিচিতি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে।
বাংলা রকের কিংবদন্তি জেমসের এই ইউরোপ সফর আবারও প্রমাণ করল-দেশের সীমানা পেরিয়ে বাংলা গান ও রক সংগীতের জনপ্রিয়তা এখন পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চেও।