আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপের প্রথম দিনে ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে বসেছে কমিশন।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের সংলাপ শুরু হয়।
ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার জানান, প্রথম দিনের আলোচনায় অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরামের প্রতিনিধিরা।
ইসির জনসংযোগ পরিচালক আরও জানান, প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতে ইসলামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও খেলাফত আন্দোলনের অংশ নেওয়ার কথা ছিল। তবে দলগুলো পরবর্তী সময়ে সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
দ্বিতীয় ও শেষ দিনের সংলাপের সূচি
তিন দিনব্যাপী সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। ওইদিন বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি।
সংলাপের শেষ পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১ ডিসেম্বর। ওইদিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যসহ আরও ১৮টি দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানায়নি নির্বাচন কমিশন।
পাঁচ ধাপে ইউপি নির্বাচন
এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি প্রথম ধাপে ১ হাজার ৪২টি, ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, ২৯ এপ্রিল তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, ১৩ মে চতুর্থ ধাপে ৮১৩টি এবং ২৭ মে পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
জ/শা