রিজভী বলেন, শেখ হাসিনা আবারও রক্তের নেশায় মত্ত হয়েছেন। লুটের টাকায় কিশোর গ্যাংকে ব্যবহার করে বাসে আগুন, বোমা বিস্ফোরণ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনার কথিত দেশে ফেরাকে কেন্দ্র করে ভারত সীমান্তে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আওয়ামী লীগকে খুন, গুম, হত্যা ও দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক হিসেবেও উল্লেখ করেন রিজভী।
মুক্তিযুদ্ধের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধ কি পাকিস্তানের শাসন থেকে বের হয়ে দিল্লির দাসত্ব করার জন্য হয়েছিল? মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও শেখ হাসিনা দিল্লির দাসত্ব করতেন বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যরা পাকিস্তানের কাছ থেকে ভাতা নিয়েছেন বলেও দাবি করেন রিজভী। তার ভাষ্য, মুক্তিযুদ্ধে শেখ পরিবারের কোনো অবদান নেই। পাকিস্তানের ক্ষমতা ধরে রাখতে শেখ মুজিব একের পর এক বৈঠক করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, শেখ হাসিনা তার বাবার প্রতিষ্ঠিত বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন। বাবার পথ অনুসরণ করেই তিনি গুম ও খুনের রাজনীতি শুরু করেন বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়।