জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু মঙ্গলবার

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-11-22T18:27:00+06:00
2026-11-22T18:27:00+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
আইন-আদালত
জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু মঙ্গলবার
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:২৭ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাক্ষ্যগ্রহণের সব পর্যায় শেষ হয়েছে। এবার মামলাটিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান ট্রাইব্যুনালে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়ালি যুক্ত হন। তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় মামলাসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও ভিডিও সাক্ষ্য উপস্থাপন করেন তিনি।

সাফাই সাক্ষ্য শেষে তাঁকে জেরা করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় চান প্রসিকিউশনের আইনজীবীরা। পরে আগামী ২৪ নভেম্বর এ জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে তিন অভিযোগ

জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি সুনির্দিষ্ট অভিযোগ এনেছে।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন। তাদের দাবি, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলা এলাকায় সুন্দরবনের বিভিন্ন স্থানে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জ/দি




Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত