যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সংরক্ষিত একগুচ্ছ চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। শনিবার অনুষ্ঠিত নিলামে চুলগুলো ফ্রেমে বাঁধানো অবস্থায় বিক্রি হয়।
নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান রিচমন্ড অকশনস জানিয়েছে, চুলগুলো একসময় জন গ্যাডসবির সংগ্রহে ছিল। ১৭৯৯ সালে মৃত্যুর কিছুদিন আগে ওয়াশিংটনকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন তিনি। পরে গ্যাডসবির এক বংশধরের কাছ থেকে চুলগুলো সংগ্রহ করেন জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক। তবে নিলামে শেষ পর্যন্ত কে চুলগুলো কিনেছেন, তা প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ক্ষেত্রে এবারই সর্বোচ্চ দাম ওঠেনি। ২০২১ সালে তার মৃত্যুর কাছাকাছি সময়ে অথবা মৃত্যুর পর সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হয়-এমন তিনটি চুল একটি লকেটে সংরক্ষিত অবস্থায় প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
রিচমন্ড অকশনসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া শহরে বসবাস করতেন গ্যাডসবি। ওই বছরের শেষ দিকে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে তাকে নৈশভোজে আপ্যায়ন করেন তিনি। গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।
ম্যাকব্লেয়ারের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব এবং তার জীবনের শেষ দিনগুলোর স্মৃতি ধরে রাখতে চুলগুলো সংগ্রহ করেছিলেন গ্যাডসবি। পরে সেগুলো ফ্রেমে বাঁধাই করে ওয়াশিংটন সিটির বাড়িতে তার প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখেন। ছোটবেলা থেকেই ওই বাড়িতে চুলগুলো দেখে আসছিলেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন ম্যাকব্লেয়ার।
রিচমন্ড অকশনসের তথ্য বলছে, ১৭৯৮ ও ১৭৯৯ সালে ওয়াশিংটনের জন্মদিন উপলক্ষে আয়োজিত দুটি অনুষ্ঠানেও অতিথিদের আপ্যায়ন করেছিলেন গ্যাডসবি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে মার্কিন সেনাদের নেতৃত্ব দেন জর্জ ওয়াশিংটন। দেশটির সংবিধান প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ১৭৮৯ সালে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওয়াশিংটন। দুই মেয়াদ দায়িত্ব পালনের পর ১৭৯৭ সালে পদত্যাগ করেন।
ওয়াশিংটনের চুলের অন্তত ৫০টি নমুনা এখনো সংরক্ষিত রয়েছে। এর অনেকগুলোই রাখা হয়েছে তার সাবেক বাসভবন মাউন্ট ভার্ননে, যা বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এদিকে ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্নও নিলামে উল্লেখযোগ্য দামে বিক্রি হচ্ছে। গত জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তার স্বাক্ষরিত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি
জ/দি