বিশ্ববাজারে টানা দরপতনের কারণে প্রায় ১৪ মাস আগের দামে ফিরে গেছে সোনা। এর প্রভাব পড়েছে বিভিন্ন দেশের স্থানীয় বাজারেও। ভারতে সর্বোচ্চ দামের পর্যায় থেকে প্রায় ৯২ হাজার টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম। এমন পরিস্থিতিতে সোনার দাম কমার পেছনে নিজের আহ্বানের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোদির দাবি, সোনা কেনা এড়িয়ে চলতে গত মে মাসে তিনি দেশবাসীর প্রতি যে আহ্বান জানিয়েছিলেন, তাতে সাড়া দেওয়ার কারণেই সোনার দাম কমেছে। এখন মানুষ তাকে বলছে, তার পরামর্শ মেনে চলায় তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) লখনৌর গোমতী নগরে ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তন উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় একবেলা খাবার বাদ দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আহ্বানের সঙ্গে নিজের আহ্বানের তুলনা করেন মোদি। তিনি বলেন, ‘আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম যে এক বছরের জন্য, একান্ত প্রয়োজন না হলে দয়া করে সোনা কিনবেন না।’
তিনি আরও বলেন, ‘সে সময় এই দেশ শাস্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের সেই চরিত্র এখনও অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ সোনা কম কিনতে বলেছিলাম এবং দেশবাসী সোনা কম কিনেছে, আর সোনার দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, “মোদি জি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছিলাম, আর আমাদের টাকা বেঁচে গেছে।”’
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হলে গত মে মাসে দেশবাসীকে সোনা না কেনার আহ্বান জানিয়েছিলেন মোদি।
সে সময় হায়দরাবাদের এক সমাবেশে তিনি বলেছিলেন, সোনা কেনার ক্ষেত্রেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে এক বছরের জন্য সোনা না কেনার সংকল্প করতে হবে।
ভারতের সরকারি তথ্যেও সোনার চাহিদা কমার বিষয়টি উঠে এসেছে। তথ্য অনুযায়ী, মোদির আহ্বানের পর এপ্রিল থেকে অক্টোবর সময়ে দেশটির আনুষ্ঠানিক সোনা আমদানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আগের বছরের একই সময়ে ৪১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের সোনা আমদানি হলেও এবার হয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের।
জ/শা