ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দ্বীপ জেলা ভোলায় আজ শুক্রবার সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
এতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। বৃষ্টির কারণে শীতের অনুভবে বেড়েছে। শ্রমজীবী অনেক মানুষ কাজে যেতে পারে নি। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ সড়কে বের হয়নি। শীতের শুরুতে বৃষ্টির কারণে ইট ভাটায় ইট প্রস্তুতিতে কাঁচা মাল বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত হয়েছে।
চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে ভোলার মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে।
ভোলা জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দেশের সমুদ্র বন্দরে ৩ নাম্বার ও নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ভোলায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।