শচীনের সঙ্গে 'গলি ক্রিকেট' খেললেন প্রিন্স উইলিয়াম ও রানি কেট

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-11-16T21:09:02+06:00
2026-11-16T21:09:02+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
খেলাধুলা
শচীনের সঙ্গে 'গলি ক্রিকেট' খেললেন প্রিন্স উইলিয়াম ও রানি কেট
স্পোর্টস ডেস্ক
⏲ ৯:০৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
রাজকীয় সফর হলেও মুম্বাইয়ের অলিগলিতে ঘোরার সময় আড়ম্বরের ছাপ ছিল না ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রানি কেট মিডলটনের। তাঁদের সঙ্গী ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার। মুম্বাইয়ের ঐতিহ্যবাহী হ্যামিল্টন স্টুডিওর সামনে তিনজনকে একসঙ্গে দেখা যায়। এ সময় তাঁরা শহরের রাস্তার খাবার ও স্থানীয় সংস্কৃতির স্বাদ নেওয়ার পাশাপাশি গলি ক্রিকেট খেলেও নজর কাড়েন।

আজ সোমবার তিন দিনের ভারত সফরে মুম্বাইয়ে পৌঁছান উইলিয়াম ও কেট। তাঁদের সঙ্গে শচীনের এই সাক্ষাৎ পেয়েছে বিশেষ মাত্রা। কারণ, ১৩ বছর আগে ঠিক এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন লিটল মাস্টার। ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ২০০তম টেস্ট ম্যাচ খেলে ২৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন শচীন। এই সাক্ষাতে ক্রিকেটের মাধ্যমে ভারত ও ব্রিটেনের দীর্ঘদিনের সাংস্কৃতিক সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।

মুম্বাইয়ের বলার্ড এস্টেট এলাকায় শচীনের সঙ্গে হাঁটতে দেখা যায় রাজদম্পতিকে। শহরের পরিচিত পর্যটনকেন্দ্রের বাইরে মুম্বাইয়ের জীবনযাত্রার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন শত সেঞ্চুরির মালিক শচীন। এ সময় তাঁরা রাস্তার খাবারও চেখে দেখেন। মাটির ভাঁড়ে ‘কাটিং চা’ পান করেন তিনজন। পুরো আয়োজনে ছিল ঘরোয়া পরিবেশ। মুম্বাইয়ের বিভিন্ন ঐতিহাসিক ভবন ঘুরে দেখানোর সময় সেগুলোর ইতিহাসও রাজদম্পতিকে জানান শচীন টেন্ডুলকার।

তাঁদের একসঙ্গে ঘোরার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উইলিয়ামের পরনে ছিল সাদা শার্ট, জিনস ও নেহরু জ্যাকেট। কেট পরেছিলেন হালকা হলুদ-সবুজ রঙের ব্লেজার। অন্যদিকে শচীনের পরনে ছিল আকাশি রঙের শার্ট ও নীল জিনস। ভিডিওতে কখনো ব্যাট হাতে মেতে থাকতে দেখা যায় ব্রিটেনের যুবরাজকে, আবার কখনো শচীনকে বোলিং করতে দেখা যায়।

তবে মুম্বাইয়ে উইলিয়াম ও কেটের কর্মসূচি শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয়। শহরের মেট্রোরেলে চড়ার পাশাপাশি বলিউড তারকাদের সঙ্গে তাঁদের দেখা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা। এরপর যাবেন নয়াদিল্লিতে। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটিশ রাজদম্পতির সাক্ষাতের কথা রয়েছে।

উইলিয়ামের উদ্যোগে ২০২০ সালে চালু হয় আর্থশট পুরস্কার। পরিবেশ সুরক্ষা এবং পৃথিবীর বড় সমস্যাগুলোর সমাধানে অভিনব উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই এ পুরস্কারের লক্ষ্য। এবারের প্রতিযোগিতায় পাঁচটি প্রকল্পকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ লাখ পাউন্ড করে। পুরস্কারের অর্থ দিয়ে তাঁরা নিজেদের উদ্যোগ আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন।

এবারই সবচেয়ে বড় পরিসরে আয়োজন করা হচ্ছে আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বলিউডের একাধিক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট। এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করার কথা ব্রিটিশ পপ ব্যান্ড ‘টেক দ্যাট’-এর। এত আয়োজনের মধ্যেও শচীন টেন্ডুলকারের সঙ্গে উইলিয়াম ও কেটের সাক্ষাৎ বিশেষ গুরুত্ব পেয়েছে।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত