দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর ভোলার লালমোহন উপজেলার ৯ নম্বর লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা মাঠে তৎপরতা শুরু করেছেন। কেউ গণসংযোগ, কেউ উঠান বৈঠক, মতবিনিময় সভা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সব মিলিয়ে ইউনিয়নজুড়ে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ।
স্থানীয় সূত্রে জানা যায়, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালের ৩১ মার্চ। ওই নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের লালমোহন উপজেলা শাখার তৎকালীন সহসভাপতি মো. আবুল কাশেম মিয়া। এরপর দীর্ঘ সময় ধরে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি দায়িত্বে অনুপস্থিত থাকায় বর্তমানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্ব পালন করছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে। তাঁদের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ প্রত্যাশিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের মতো এ ইউনিয়নেও প্রশাসকনির্ভর কার্যক্রম চলছে। স্থানীয়দের প্রত্যাশা, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘদিনের একক আধিপত্যের অবসান ঘটবে এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল হবে।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক মো. ইদ্রিস হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিক মো. আলী হোসেন ডিলার, সাবেক চেয়ারম্যান মো. মাহমুদুল হক হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল আহ্বায়ক মো. মাকসুদ খাঁন এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সমর্থিত সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মৌলভী মো. ইউসুফ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমর্থিত একক প্রার্থী হিসেবে ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আলমগীর হোসেন সোহাগের নাম ঘোষণা বা সমর্থন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক।
স্থানীয় রাজনৈতিক সূত্রগুলোর দাবি, নির্বাচনে দলীয় মনোনয়ন পদ্ধতি কার্যকর থাকলে প্রার্থীর সংখ্যা কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে দলের ত্যাগী, যোগ্য ও জনসম্পৃক্ত নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। তবে দলীয় মনোনয়ন না থাকলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে।
মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম মিয়া বলেন, ‘দলের দুর্দিনে ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে জনগণ ও দলের জন্য কাজ করেছি। স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পদ্ধতি চালু থাকলে আমি আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে। আমি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী।’
ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মাকসুদ খাঁন বলেন, ‘বিগত সরকারের দমন-পীড়ন ও নানা অত্যাচার-নির্যাতনের পরও দল ত্যাগ করিনি। দল আমাকে জনসেবা করার সুযোগ দেবে বলে বিশ্বাস করি। নির্বাচিত হলে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। পাশাপাশি মাদক, জুয়া ও সামাজিক অসংগতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব।’
বিএনপির প্রবীণ নেতা মো. আলী হোসেন ডিলার বলেন, ‘বিগত সরকারের আমলে একাধিকবার মিথ্যা মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। আশা করি, ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম আমাকে মনোনয়ন ও সমর্থন দেবেন।’
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস হাওলাদার বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলা ও হামলার শিকার হয়েও দল ত্যাগ করিনি। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীসহ অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকব।’
এদিকে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমও গণসংযোগ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনিও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা ও জয়ের ব্যাপারে আশাবাদী। সাবেক চেয়ারম্যান মো. মাহমুদুল হক হাওলাদারসহ বিএনপির আরও কয়েকজন নেতা মনোনয়ন পেতে তৃণমূল পর্যায়ে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
মেম্বার পদেও বাড়ছে প্রার্থীর সংখ্যা চেয়ারম্যান পদকে ঘিরে তৎপরতার পাশাপাশি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদেও সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়েছে। স্থানীয়দের ধারণা, প্রতি ওয়ার্ডে তিন থেকে চারজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি দলীয় ও প্রভাবশালী নেতাদের সমর্থন পেতে তৎপরতা চালাচ্ছেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, দলীয় মনোনয়নের ক্ষেত্রে ত্যাগী, যোগ্য, জনবান্ধব ও গ্রহণযোগ্য নেতাদের মূল্যায়ন করতে হবে। শুধু রাজনৈতিক প্রভাব নয়, সাধারণ মানুষের কাছে যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদেরই প্রাধান্য দেওয়া উচিত।
সীমানা জটিলতায় আটকে ছিল নির্বাচন স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ এপ্রিল লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা ও হাইকোর্টে দায়ের করা রিটের কারণে নির্বাচন কমিশন ভোটগ্রহণ স্থগিত করে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের দাবি, সীমানা নির্ধারণের জটিলতা নিরসন করে কোনো ধরনের অজুহাতে যেন আবারও নির্বাচন স্থগিত করা না হয়। তাঁদের প্রত্যাশা, প্রথম ধাপেই লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।
দীর্ঘদিন পর নির্বাচনের সম্ভাবনায় ইউনিয়নের চায়ের দোকান, হাটবাজার, পাড়া-মহল্লা ও গ্রামীণ জনপদে এখন চলছে নির্বাচনী আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের আনাগোনায় স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো কোনো চিঠি পাইনি। লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সঙ্গে চরফ্যাশন ও মনপুরা এলাকার সীমানা নির্ধারণ নিয়ে কোনো জটিলতা না থাকলে ইউনিয়নটির নির্বাচন প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথম ধাপেই নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে ইউনিয়নের নাগরিক সেবার মান বাড়বে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন সচেতন মহল।
জ/বা