হরমুজে সুপারট্যাঙ্কারসহ চার তেলবাহী জাহাজে আগুনের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-14T13:14:23+06:00
2026-11-14T13:14:23+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
হরমুজে সুপারট্যাঙ্কারসহ চার তেলবাহী জাহাজে আগুনের দাবি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১:১৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে একটি সুপারট্যাঙ্কারসহ অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

তেহরানের দাবি, গত কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী—এসব বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের সামরিক বাহিনী।

ইরানের নৌবাহিনী ও আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে অন্তত চারটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ হরমুজ এলাকায় আক্রান্ত একটি জাহাজ সুপারট্যাঙ্কার বলে জানিয়েছে আইআরজিসি। সাধারণত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহনে এ ধরনের ট্যাঙ্কার ব্যবহার করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তেহরান।

ইরানের দাবি, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এ প্রণালি অতিক্রম করতে পারবে না। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে নৌযান চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং সমুদ্রপথে পরিবাহিত বিপুল পরিমাণ জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে। এ পথেই মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে জ্বালানি বিশ্ববাজারে পৌঁছায়। ফলে এই পথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে হরমুজ প্রণালির আগের অবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। চলতি সপ্তাহের শুরুতে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের আগের পরিস্থিতিতে হরমুজ প্রণালি আর কখনোই ফিরবে না। যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলেই কেবল প্রণালিটি আবার খুলে দেওয়া হবে।

গালিবাফের উল্লেখ করা দাবিগুলোর সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিষয়বস্তুর বড় ধরনের মিল রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নেবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের এ দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে মাইন বিস্ফোরণের ঘটনায় জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত