জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। এতে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করবেন তিনি। তাঁর উদ্বোধনী বক্তব্যের পর শুরু হবে কর্মসূচি।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এরপর প্রধান বিচারপতির বাসভবনের কাছে গিয়ে ডান দিকে মোড় নেবে। সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হবে শোভাযাত্রা।
এর আগে সকাল সাড়ে ৮টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, গত ৫ নভেম্বর থেকে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে চট্টগ্রাম মহানগরে কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল দেশের অধিকাংশ জেলা ও মহানগরেও শোভাযাত্রা আয়োজন করা হবে।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা, পোস্টার লাগানোসহ নানা কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বরের চেতনায় বিশ্বাসী অন্যান্য রাজনৈতিক দল, জোট, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নিয়েছে।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার সরকার ৭ নভেম্বরের চেতনার প্রতি ভীত হয়ে দিবসটির রাষ্ট্রীয়ভাবে পালন বন্ধ করেছিল। বিএনপি ও সমমনা দলগুলো এতদিন ধরে দিবসটি পালন করে আসছে। এবার দীর্ঘ বিরতির পর আবারও রাষ্ট্রীয় ও জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।
জ/শা