ছোটপর্দার পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার নিজের সাক্ষাৎকার দেখলে অস্বস্তি বোধ করার কথা জানালেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার সামনে এলে সেটি লুকিয়ে রাখেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’
নিজের এমন অনুভূতির কারণও পোস্টে ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’
শবনম ফারিয়ার এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। নিজের সাক্ষাৎকার দেখতে তাঁর অস্বস্তি হলেও অনেক ভক্তই তাঁর কথা শুনতে পছন্দ করেন। এক নেটিজেন মন্তব্য করেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লেখেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’
উল্লেখ্য, টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মধ্য দিয়ে মিডিয়া জগতে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা হয়। এরপর ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন তিনি।
জ/দি