রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৪৯, ওয়ারীতে ৭০, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৭৪, মিরপুরে ১৬৯, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৪২, গোয়েন্দা বিভাগে ২৪ এবং এসআরইউতে একজন রয়েছেন।
অভিযানকালে পুলিশ ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল উইনসেরেক্স, ১২৬ বোতল ফেনসিডিল এবং ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
জ/দি