বাংলা কিউআর কোডের মাধ্যমে আর্থিক লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুনে দৈনিক ৪০ কোটি টাকার লেনদেন হলেও বর্তমানে তা বেড়ে চার গুণে পৌঁছেছে।
আজ বুধবার রাজধানীর বনানী ও গুলশান এলাকার কয়েকটি খুচরা বিক্রয়কেন্দ্রে বাংলা কিউআর সেবা সম্প্রসারণের নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোহাম্মদ হাবিবুর রহমান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করতে দেশজুড়ে বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তিনি আরও জানান, সেবার মান উন্নয়নের অংশ হিসেবে গত ১ নভেম্বর ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি নগদবিহীন লেনদেনের পরিধি বাড়াতে দেশের বিভিন্ন খুচরা বিক্রয় নেটওয়ার্কে বাংলা কিউআর সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তৃণমূল পর্যায়ে এ সেবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ডেপুটি গভর্নর বলেন, মোবাইল ডিভাইস ও নেটওয়ার্ক সুবিধার সীমিত প্রাপ্যতা এ ক্ষেত্রে বড় বাধা। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে ব্যাংক, খুচরা বিক্রয় নেটওয়ার্ক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং নগদবিহীন অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নগদবিহীন লেনদেন বাড়লে মুদ্রা নোট ছাপানোর ব্যয় কমবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।
নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং দেশের মানুষের কাছে ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও সহজলভ্য করাই বাংলা কিউআর সেবা সম্প্রসারণের মূল লক্ষ্য।