বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-04T08:14:38+06:00
2026-11-04T08:19:05+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:১৪ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক বাংলাদেশিসহ ৯ দেশের ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৮২ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারতের ৩ জন, থাইল্যান্ডের ৩ জন, কম্বোডিয়ার ৩ জন, শ্রীলঙ্কার ২ জন এবং চীনের একজন নাগরিক রয়েছেন।

অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ দিয়ে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাদের অধিকাংশের কাছেই বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের পাসপোর্ট ছিল না, তাদের কয়েকজনকে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি বা ‘ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ সরবরাহ করা হয়। এসব নথির ভিত্তিতেই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রত্যাবাসন করা প্রত্যেক ব্যক্তির নাম অভিবাসন বিভাগের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ অনুযায়ী, এ সময়ের মধ্যে তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

এদিকে আটক অভিবাসীদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রেখেছে কর্তৃপক্ষ। এই কেন্দ্র থেকে দেশে ফেরার বিমান টিকিট কেনাসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ রয়েছে। এসব সেবার জন্য কোনো ধরনের সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হয় না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের ০৭-৬৯৯৩৫৪০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি অভিবাসন বিভাগের অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত