ওকালতি ছেড়ে অভিনয়ে কেন, জানালেন সিয়াম

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-04T08:44:17+06:00
2026-11-04T08:44:17+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
ওকালতি ছেড়ে অভিনয়ে কেন, জানালেন সিয়াম
বিনোদন ডেস্ক
⏲ ৮:৪৪ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
অভিনয়ে আসার আগে আইনজীবী হিসেবে কাজ করতেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। এখনো আইন পেশার সঙ্গে যুক্ত থাকলেও সেখানে সময় দেন তুলনামূলক কম। বর্তমানে অভিনয়ই তাঁর মূল পেশা। নিজের মনের টানেই আইন পেশার পাশাপাশি অভিনয়কে বেছে নিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, ‘অন্য পেশাকে কম্প্রোমাইজ করেই আমি অভিনয়ে এসেছি। কারণ এ পেশা বেছে নেওয়া ছিল আমার মনের ভেতরের ডাক।’

আইন বিষয়ে পড়াশোনা করলেও সেই পেশা ছেড়ে আসার জন্য কোনো আক্ষেপ নেই তাঁর। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা কখনো বৃথা যায় না। মানুষের আচরণ পর্যবেক্ষণ এবং পর্দায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে আইন বিষয়ে অর্জিত জ্ঞান তাঁকে সহায়তা করে।

তবে ওকালতি ছেড়ে অভিনয়ে আসার পর ক্যারিয়ারের শুরুর দিকে কিছুটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। সিনেমার ভবিষ্যৎ এবং পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপও ছিল বলে জানান এই অভিনেতা।

সিয়ামের ভাষায়, ‘সিনেমার অনিশ্চয়তা ও পারিবারিক দায়িত্ব নিয়ে তখন মানসিক চাপ ছিল। তবে আমি নিজের স্বপ্নের প্রতি সব সময় সৎ ও অবিচল ছিলাম। বস্তুগত বিলাসিতার চেয়ে নিজের সময় ও কাজ উপভোগ করাকেই আমি প্রাধান্য দিই। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্ত্রীর মানসিক সমর্থন আমার জীবন অনেক সহজ করেছে।’

পারিবারিক জীবন নিয়েও কথা বলেছেন সিয়াম। তাঁর মতে, সন্তান হওয়ার পর নিজের মধ্যে পরিবারকেন্দ্রিকতা বেড়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোই এখন তাঁর স্বস্তির জায়গা।

তিনি বলেন, ‘সন্তান হওয়ার পর আমি বেশ পরিবারকেন্দ্রিক হয়ে উঠেছি। চার দেওয়ালের ভেতরের প্রিয় মানুষগুলোর সঙ্গই এখন আমার কমফোর্ট জোন। নিজে বাবা হওয়ার পর সম্পর্কের গভীর আবেগ বুঝতে পেরেছি। তাই এখন পরিবার ও শিশুদের উপযোগী সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছি।’

বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট থাকলেও দেশের চলচ্চিত্র অঙ্গনের কিছু প্রচলিত ধারা নিয়ে নিজের অসন্তুষ্টির কথাও জানিয়েছেন এই অভিনেতা। বিশেষ করে শুধু ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির প্রবণতা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।

সিয়ামের মতে, সারা বছর নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু ঈদ কেন্দ্র করে সিনেমা মুক্তির মানসিকতা থেকে আমাদের বের হতে হবে। বছরজুড়ে নিয়মিত সিনেমা মুক্তির পরিবেশ তৈরি করা দরকার। আমি বিশ্বাস করি, বাংলাদেশের দর্শক সব সময় ভালো গল্প ও নির্মাণকে সাদরে গ্রহণ করে।’

সিনেমা নির্মাণের পাশাপাশি দর্শকের কাছে সেটি পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ জন্য প্রযোজকদের সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রচারণার জন্য আলাদা বাজেট রাখার পরামর্শ দিয়েছেন অভিনেতা।

নিজের অভিনয়জীবন নিয়ে নির্দিষ্ট লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছেন সিয়াম। সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে ইতিবাচক প্রভাব তৈরি করতে চান তিনি।

সিয়াম বলেন, ‘সস্তা তারকাখ্যাতির পেছনে ছোটা আমার লক্ষ্য নয়। কাজের সততা ও পারফরম্যান্স দিয়ে দর্শকের মনে ইতিবাচক প্রভাব ফেলতে চাই। এটাই আমার অভিনয় জীবনের মূল লক্ষ্য।’

কাজের ক্ষেত্রে চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘রাক্ষস’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে সিয়ামকে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি ব্যবসায়িকভাবে প্রত্যাশিত সাফল্য না পেলেও দর্শক ও আলোচনায় একেবারে পিছিয়ে ছিল না।

ঈদের দিন সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। পরে ঈদের পর দেশের প্রায় ৩০টি সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহেও প্রদর্শন শুরু হয়।

বর্তমানে রায়হান রাফী পরিচালিত থ্রিলারধর্মী সিনেমা ‘আন্ধার’ নিয়ে ব্যস্ত রয়েছেন সিয়াম। সিনেমাটি গত অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়া হয়। পরিচালক জানিয়েছেন, ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির লক্ষ্য নিয়ে কাজ চলছে।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত