বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নির্মাতারা। মধ্যরাতে প্রকাশ করা হয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখ খানের সঙ্গে রোমান্সে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে।
প্রেম-রোমান্সের পাশাপাশি গানটিতে রয়েছে অ্যাকশন ও সাসপেন্সের ঝলক। প্রকাশের পরপরই গানটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার বা ট্রেলারের অপেক্ষায় থাকলেও তাদের জন্য প্রকাশ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। এতে নতুন করে ফুটে উঠেছে শাহরুখ ও দীপিকার রোমান্টিক রসায়ন।
গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। পাশাপাশি যুক্ত হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটির এই গানের শুরুতে শোনা যায় শাহরুখের সংলাপ—‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’
গানের শুরুতে মনোরম পরিবেশে শাহরুখ ও দীপিকার প্রেমের দৃশ্য দেখা যায়। শাহরুখকে দেখা গেছে স্টাইলিশ ছোট কালো চুলে, অন্যদিকে দীপিকাও নজর কেড়েছেন নিজের সৌন্দর্যে।
তবে রোমান্টিক আবহের পাশাপাশি গানটিতে উঠে এসেছে উত্তেজনাপূর্ণ অ্যাকশনের দৃশ্যও। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে যুক্ত শাহরুখের চরিত্রের অন্ধকার দিকের ইঙ্গিত পাওয়া যায়। একপর্যায়ে রোমান্টিক পরিবেশ বদলে যায় রক্তক্ষয়ী সংঘর্ষে। সল্ট-অ্যান্ড-পেপার লুকে শাহরুখের গায়ে রক্তের দাগ, আগুনের পটভূমি এবং মারামারির দৃশ্য গানটিতে বাড়তি উত্তেজনা যোগ করেছে।
শচীন-জিগরের সুরে তৈরি ‘কিং’ সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
শাহরুখ ও দীপিকা ছাড়াও এতে অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং জয়দীপ আহলাওয়াত।
প্রায় ৩৪ বছর আগে ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা’ গান দিয়ে পর্দায় যাত্রা শুরু করেছিলেন এক তরুণ। বয়সের চঞ্চলতা, এলোমেলো চুল আর চোখভরা স্বপ্ন নিয়ে শুরু হওয়া সেই পথচলায় আজ তিনি বলিউড বাদশা। শুধু ভারত নয়, বিশ্বের কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। ৬১তম জন্মদিনেও তার রোমান্টিক উপস্থিতি ও অভিনয়জীবনের দীর্ঘ অভিজ্ঞতা সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে রয়েছে। সূত্র: এনডিটিভি মুভি
জ/শা