অক্টোবরে ২৮৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-01T18:04:40+06:00
2026-11-01T18:04:40+06:00
রোববার ● ১ নভেম্বর ২০২৬,
১৬ কার্তিক ১৪৩৩
Advertisement
অর্থনীতি
অক্টোবরে ২৮৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা
অর্থনীতি ডেস্ক
⏲ ৬:০৪ পিএম | ১ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৩৪৫ কোটি ২৮ লাখ টাকা। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলারের প্রবাসী আয় এসেছে। এর আগের মাস সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। আর গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১০ কোটি ৭৬ লাখ ডলার।

তবে অক্টোবরসহ টানা পাঁচ মাস ধরে দেশে রেমিট্যান্সের পরিমাণ তিন বিলিয়ন ডলারের নিচে রয়েছে। এর মধ্যে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর থেকে মে পর্যন্ত টানা ছয় মাস তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫০ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৩ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২১২ কোটি ৭৫ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ লাখ ১০ হাজার ডলার।

অক্টোবর মাসে আটটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় আসে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। পরের মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলারে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত