বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর দুই স্বজনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত দুলাভাই ও চাচা শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে ওই নারীকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা। অভিযোগ অনুযায়ী, বাড়ি ফেরার পথে একটি নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, গ্রেপ্তার দুই আসামিকে রোববার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জ/উ