এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা রোববার (১ নভেম্বর ২০২৬) থেকে এ আবেদন করতে পারবেন। আবেদন চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় পুনর্নিরীক্ষণের আবেদন করতে আগ্রহী। এ জন্য আবেদনপ্রক্রিয়া ও ফি পরিশোধের বিস্তারিত নিয়ম জানিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে অনলাইনে। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
যেভাবে করবেন পুনর্নিরীক্ষণের আবেদন
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
পরবর্তী ধাপে শিক্ষার্থীর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
এরপরের স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
আবেদন ফি ও পরিশোধের নিয়ম
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে।
ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। ফি জমা দেওয়ার বিস্তারিত প্রক্রিয়া সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে জানা যাবে।
ফি পরিশোধের পর আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন পরিবর্তন ও বাতিলের নিয়ম
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জন করতে চাইলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করতে হবে। এর মাধ্যমে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। একই সঙ্গে নতুন বিষয় নির্বাচন করার সুযোগও থাকবে।
তবে একবার ফি জমা দেওয়ার পর যেসব বিষয়ের জন্য আবেদন করা হয়েছে, সেগুলো আর বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে কোনো অবস্থাতেই পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।
তাই আবেদন জমা দেওয়ার আগে নির্বাচিত বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জ/শা