চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশের বাগিচাহাট বাঁকে চলন্ত অবস্থায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সৌদিয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল। পথে চন্দনাইশের বাগিচাহাট বাঁকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, বাসটির চালকের চোখে ঘুম নেমে আসার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, বাসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চট্টগ্রামের ম্যানেজার সাজ্জাদকে থানায় আসতে বলা হলেও তিনি আসেননি।