‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি আইজেনকোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তাঁর দাবি, নির্বাচনে ভোটাররা নেতানিয়াহুর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন তিনি।

2026-10-28T09:47:04+06:00
2026-10-28T09:47:04+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
‘নেতানিয়াহুর রাজনৈতিক অধ্যায় শেষ’, সরকার গঠনের দাবি আইজেনকোটের
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৯:৪৭ এএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। তাঁর দাবি, নির্বাচনে ভোটাররা নেতানিয়াহুর নেতৃত্ব প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে দেশের নিরাপত্তাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে প্রধানমন্ত্রীকে সতর্ক করেছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) ভোররাতে তেল আবিবে নিজের দল ইয়াশারের কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আইজেনকোট বলেন, ইসরায়েলের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তাই সব পক্ষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে—এমন একটি সরকার গঠনে তিনি জোটসঙ্গীদের নিয়ে কাজ করবেন।

আইজেনকোটের ভাষ্য, আবার নির্বাচন আয়োজন করা ভুল হবে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সম্ভাব্য সবকিছু করাই তাঁর দায়িত্ব।

নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ না হলেও নেতানিয়াহুর বিরোধিতায় আগের চেয়ে বড় ও শক্তিশালী জায়নবাদী সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে বলে দাবি করেন আইজেনকোট।

নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করার সাহস দেখাবেন না।

নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান বিরোধী এই নেতা। তিনি বলেন, নেতানিয়াহু এখন অন্তর্বর্তী সরকারের প্রধান। কর্মকর্তাদের দায়িত্ব জনগণের স্বার্থ রক্ষা করা। রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে দেশের নাগরিকদের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে তিনি এ ক্ষেত্রে নিরাপত্তা কর্মকর্তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আইজেনকোট আরও বলেন, বিভাজন ও উসকানির রাজনীতির সময় শেষ হয়েছে। তিনি এমন একটি জায়নবাদী সরকার গঠনের প্রতিশ্রুতি দেন, যার অন্যতম লক্ষ্য হবে সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিশ্চিত করা।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩-এর হালনাগাদ বুথফেরত জরিপ অনুযায়ী, নেতানিয়াহুর জোট ও আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—দুই পক্ষই ৫১টি করে আসন পেতে পারে। আরব দলগুলোর সম্ভাব্য আসন ১৮টি। দেশটির পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি।

এর আগে চ্যানেল ১২-এর জরিপে আইজেনকোটের জোট ৫২টি, নেতানিয়াহুর জোট ৫০টি এবং আরব দলগুলো ১৮টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। দুই জরিপের কোনোটিতেই প্রধান দুই জোটের কেউ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

চ্যানেল ১২ জানিয়েছে, পরবর্তী সরকার গঠনের দায়িত্ব প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে দিতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আনুষ্ঠানিক নির্বাচনী ফল এবং পার্লামেন্টের দলগুলোর সুপারিশের ওপর।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ১৯৯৯ সালের পর ইসরায়েলে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার ভোটদানের হার বেড়েছে ৭ দশমিক ১ শতাংশীয় পয়েন্ট।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়। তবে বুথফেরত জরিপকে চূড়ান্ত ফল হিসেবে বিবেচনা করা যায় না। আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিক ফল প্রকাশের কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জ/শা 


  বিষয়:   ইসরায়েল  নির্বাচন 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত