স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-25T18:33:03+06:00
2026-10-25T18:33:03+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৩৩ পিএম | ২৫ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন এবং বিনিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আজ রোববার স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সুইডেনের সংসদ এককক্ষবিশিষ্ট এবং দেশটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা অনুসরণ করে। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের জনগণ বরাবরই গণতন্ত্রপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ জীবন দিতেও পিছপা হননি। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন। বাংলাদেশের জনগণ নিজেদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দেন। ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস দেশটির সংসদীয় কাঠামো তুলে ধরে বলেন, সুইডেনের পার্লামেন্টে মোট ৩৪৯টি আসন রয়েছে। সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন। সুইডেন আনুষ্ঠানিকভাবে সাংবিধানিক রাজতন্ত্র হলেও দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা পার্লামেন্ট ও সরকারের হাতে ন্যস্ত থাকে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ এবং ককাস গঠনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় স্পিকার চলমান সংবিধান সংস্কার কমিটির কার্যক্রম সম্পর্কে সুইডিশ রাষ্ট্রদূতকে অবহিত করেন। একই সঙ্গে বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে সুইডিশ দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত