সীমান্ত দিয়ে মাদক, অর্থ ও অস্ত্র প্রবেশ ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত।”
স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সেবা দেন। তবে তাঁর প্রধান দায়িত্ব নিজ মন্ত্রণালয় পরিচালনা করা। মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।
গোয়েন্দা তথ্যের উল্লেখ করে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে পারেন না মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে, কখন ও কোথায় বৈঠক করেছেন। এ বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন তাঁর বক্তব্যের পক্ষে প্রমাণ দেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, বিরোধী দল সংসদের ভেতরেই সব সংকটের সমাধান করতে চেয়েছিল। কিন্তু সরকারিদলের কারণে তাদের রাজপথে নামতে বাধ্য হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া জনগণের গণভোটের রায় মেনে নেওয়া হলে অনেক সমস্যারই সমাধান হয়ে যেত বলে মন্তব্য করেন জামায়াত আমির।
জ/উ